ইসরায়েল-লেবানন উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা প্রস্তাব

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাতের মাঝেই দুই দেশের উত্তেজনা ধাপে ধাপে কমানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা গত রোববার জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কূটনৈতিক আলোচনার বিষয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। খবর বিডিনিউজের।

মার্কিন ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ ইসরায়েলের ওপর সব ধরনের হামলা বন্ধ করবে আর জবাবে ইসরায়েলও লেবাননের রাজধানী বৈরুতে হামলা বা উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকবে।

ওই কর্মকর্তার মতে, পদক্ষেপটি ধাপে ধাপে উত্তেজনা হ্রাস এবং কার্যকরভাবে শত্রুতা অবসানের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে। তিনি আরও বলেন, লেবাননের প্রেসিডেন্ট আউন এই প্রস্তাবটিকে এগিয়ে নিতে এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তবে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি, যিনি যুদ্ধবিরতির বিষয়ে হিজবুল্লাহর অঙ্গীকারের গ্যারান্টি দিয়েছিলেন, তিনি সবার আগে হামলা বন্ধ করার পুরো দায়িত্ব ইসরায়েলের ওপর চাপিয়েছেন।

অন্যদিকে, গত এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতি ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে কার্যকর থাকা সত্ত্বেও নেতানিয়াহু রোববার জানান, তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের লেবাননের আরও গভীরে প্রবেশের নির্দেশ দিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের সর্বশেষ অভিযানে সেনারা দক্ষিণ লেবাননের ৯০০ বছরের পুরোনো ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ এবং একটি কৌশলগত পর্বতের চূড়া দখল করে নিয়েছে।

এর ঠিক আগের দিনই যুদ্ধবিরতির মধ্যে হিজবুল্লাহর পক্ষ থেকে উত্তর ইসরায়েলে অন্যতম সবচেয়ে বড় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, যার ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ ওই অঞ্চলে স্কুল বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ জারি করতে হয় বাধ্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, নিজেদের বেসামরিক নাগরিকদের ওপর হিজবুল্লাহর এমন অবিরাম হামলা ইসরায়েল মুখ বুজে সহ্য করবে, যুক্তরাষ্ট্র এমনটা আশা করে না। রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি লেবাননে স্থল অভিযান আরও সমপ্রসারণ করার জন্য (সামরিক বাহিনীকে) নির্দেশ দিয়েছি।

ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যেই লেবাননের লিটানি নদী পর্যন্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা আরও প্রায় ১০ কিলোমিটার ভেতরে জাহারানি নদী পর্যন্ত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছে নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো নিজেদের কব্জায় এনে সেখান ইসরায়েলি দখলদারিত্ব বিস্তৃত ও জোরদার করতে চান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইরানের অগোচরে নিঃশব্দে বহু জাহাজকে হরমুজ পার করাচ্ছে মার্কিন বাহিনী
পরবর্তী নিবন্ধতোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৭