চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনছুরিয়া বাজার গরুরবাজার সংলগ্ন এলাকায় মাছবাহী একটি ড্যাম্পার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাহাদুর আলম (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জালাল আহমদের ছেলে বাহাদুর আলম নিজ বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
পথে বাঁশখালীর মনছুরিয়া বাজার গরুরবাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে উত্তর দিক থেকে আসা দ্রুতগতির মাছবাহী একটি ড্যাম্পারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাহাদুর আলম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
জানা গেছে, নিহত বাহাদুর আলম এক সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।











