ভুলি নাই
লাজ–লজ্জার ধারে না তো ধার
কারো চোখে যেন ঠুলি নাই
অংকন কাজে নয়া সুর বাজে
যদিও হস্তে তুলি নাই।
বুকে জমা বহু কষ্ট–কাহিনি
বাক্সটা আজো খুলি নাই
নিজে যা ভেবেছি, সেভাবে চলেছি
কোনো দলে গিয়ে ঝুলি নাই।
যত অনিয়ম হজম করেছি
রাগে ও দুঃখে ফুলি নাই
সরকার আসে, সরকার যায়
যন্ত্রণা তবে ভুলি নাই।












