জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে চেকপোস্ট স্থাপনে গুরুত্বারোপ

পুলিশের রিপোর্ট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে চেকপোস্ট স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। পুলিশের সাম্প্রতিক এক রিপোর্টে দুইটি চেকপোস্ট স্থাপন করা হলে এলাকায় সন্ত্রাসীদের প্রবেশ ও অস্ত্র শস্ত্রের যোগান নিয়ন্ত্রণ হতো বলে উল্লেখ করা হয়। আলোচিত অভিযানের পর প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করার প্রস্তুাব দেয়া হলেও তা না হওয়ায় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র জড়ো করার পাশাপাশি যৌথবাহিনীর ক্যাম্পে হামলা করার সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছে বলেও পুলিশের একটি সূত্র মন্তব্য করেছে।

পুলিশের রিপোর্টে বলা হয়েছে, বায়েজিদ লিংক রোড থেকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগরের মূল প্রবেশপথে তবলিগ মসজিদের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এলাকাধীন হওয়ায় জঙ্গল সলিমপুর অভিযানের পর পরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে উক্ত চেকপোস্টের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি বলে পুলিশের উক্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জঙ্গল সলিমপুর এলাকায় পুনরায় যেন সন্ত্রাসী গোষ্ঠী এবং অবৈধ অস্ত্র গোলাবারুদ প্রবেশ করতে না পারে এজন্য অনতিবিলম্বে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগরে মূল প্রবেশপথে তবলিগ মসজিদের পাশে চেকপোস্টের কার্যক্রম সচল করা প্রয়োজন বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

ছিন্নমুল হতে আলীনগর এলাকায় প্রবেশমুখে খেজুরবাগান এলাকায় চেকপোস্ট স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আলীনগর এলাকায় জঙ্গল ও পাহাড়ি এলাকা বেশি। উক্ত এলাকায় সন্ত্রাসীদের লুকিয়ে কার্যক্রম করার ভৌগোলিক সুবিধা রয়েছে। আলীনগর এলাকায় জনবসতি কম হওয়ায় চেকপোস্ট কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে ভালো ফলাফল পাওয়া যাবে। আলীনগর এলাকায় সন্ত্রাসীদের ঘাঁটি ছিল। উক্ত ঘাঁটি তারা পুনরায় উদ্ধার করতে চাইবে। ফলে খেজুরবাগান এলাকার চেকপোস্ট আলীনগর এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে পারবে।

এমতাবস্থায় এস এম পাইলট উচ্চ বিদ্যালয় (ছিন্নমূল) ক্যাম্প১ ও আলিনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, ক্যাম্প২ পালাক্রমে জনবল দিয়ে উক্ত খেজুরবাগান এলাকায় চেকপোস্ট বসালে নিরাপত্তা ও সন্ত্রাসীদের উত্থান প্রতিহত করা নিশ্চিত করা যাবে বলেও পুলিশের উক্ত রিপোর্টে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশু আয়াত হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৭ জুন
পরবর্তী নিবন্ধতিনটি সড়ক পাকা করতে ১৬ কোটি টাকা চেয়ে জেলা প্রশাসনের চিঠি