ভবনের লিফটের নিচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

পাঠানটুলি এলাকা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

নগরীর পাঠানটুলি এলাকার একটি ভবনের লিফটের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাশফিক। বয়স ৩৮। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে খবর পেয়ে পাঠানটুলির খান বাড়ি এলাকায় যায় পুলিশ। এরপর ফায়ার সার্ভসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে মাশফিকের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মাশফিক বাসা থেকে বের হন। সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে আবার ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

জানা যায়, গতকাল শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হলে স্বজনরা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে লিফটের নিচ থেকে মাশফিকের রক্তাক্ত লাশ উদ্ধার করে। নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফটের দরজা খুলে রক্তাক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধছাদের ময়লা ফেলতে গিয়েছিলেন শিক্ষক, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
পরবর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে কমল মসলা ও নিত্যপণ্যের দাম