ছাদের ময়লা ফেলতে গিয়েছিলেন শিক্ষক, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অন্তর দাশ ওই এলাকার রণী দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলের শিক্ষক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে অন্তর নিজ বাসার একতলার ছাদে ময়লা পরিষ্কার করতে যান। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি (কিলো ভোল্ট) উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পোমরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমিনায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি, হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা
পরবর্তী নিবন্ধভবনের লিফটের নিচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার