ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুহিববুল্লাহিল বাকী

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম ও ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। জাতীয় মসজিদের এই ইমামকে সচিব পদমর্যাদায় (গ্রেড ১) এ পদে দায়িত্ব দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়োগ দেশের প্রশাসনিক ইতিহাসে একটি ‘তাৎপর্যপূর্ণ’ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে তুলে ধরে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রথম কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমামকে প্রশাসনিক উচ্চ পদে দায়িত্ব দেওয়া হল। মুহিববুল্লাহিল বাকীকে গুরুত্বপূর্ণ এ ধর্মীয় প্রতিষ্ঠানটির প্রশাসনিক শীর্ষ পদের দায়িত্ব দেওয়াকে ‘দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত’ বলেও বর্ণনা করেছে ইসলামিক ফাউন্ডেশন। খবর বিডিনিউজের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুহিববুল্লাহিল বাকীকে অন্যান্য পেশাগত বা প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হল।’

মুহিববুল্লাহিল বাকী শিক্ষাজীবনে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন। কওমি শিক্ষায় দাওরায়ে হাদিস ও আলিয়া শিক্ষায় কামিল ডিগ্রি অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন মুহিববুল্লাহিল বাকী। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের দারুল মারিফ ও দারুল উলুম মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। পাশাপাশি তিনি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইমামের দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে
পরবর্তী নিবন্ধবৌদ্ধ সমিতি যুব’র প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ