ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তানজানিয়ার এক নাগরিককে আটক করার পর তার পেট থেকে ৮০টি ক্যাপসুল বের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সেসব ক্যাপসুলের ভেতরে সাদা গুঁড়ো পাওয়া গেছে, যা কোকেন বলে ধারণা করছেন তারা। খবর বিডিনিউজের।
আবুল নাসের বাকারি জহা নামের ওই তানজানীয় নাগরিক ইথিওপিয়া থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দর শুল্ক গোয়েদা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করে। পরে তার পাকস্থলী স্ক্যান করে ৮০টি ক্যাপসুল পাওয়া যায়।
শুল্ক গোয়েদার ওই কর্মকর্তা বলেন, এসব ক্যাপসুলের আনুমানিক ওজন প্রায় ১ কেজি ১০০ গ্রাম। ভেতরে যা পাওয়া গেছে তা কোকেন কিনা, তা পরীক্ষা করে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোকেন হয়ে থাকলে পরিমাণ অনুযায়ী এর বাজারমূল্য হবে প্রায় ১৫ কোটি টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে বলে জানান ওই কর্মকর্তা।











