পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আক্রমণাত্মক পোস্ট করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।
ট্রুথ সোশ্যালে তিনি ইরানকে নিশানা করে সামরিক শক্তি প্রদর্শনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নানা ছবি ও ভিডিও শেয়ার করে যাচ্ছেন। ইরানের নৌকায় ক্ষেপণাস্ত্র হামলা, মহাকাশ যুদ্ধ ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো বেশ কয়েকটা এআই ছবি পোস্ট করেছেন ট্রাম্প। কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি ২০টিরও বেশি এআই–নির্মিত ছবি শেয়ার করেন, যার বেশিরভাগই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আরও জোরদার করারই হুমকিস্বরূপ। একটি ছবিতে দেখা যায়, ইরানের মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা জুড়ে দেওয়া হয়েছে এবং চারদিক থেকে তীর চিহ্ন ইরানের দিকে তাক করা হয়েছে। অন্য এক ছবিতে দেখা যায়, একটি মার্কিন ড্রোন ইরানের দ্রুতগামী নৌকায় আঘাত করছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, বাই বাই, ফাস্ট বোটস। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং পাশে তার নিজের একটি ক্লিপ যুক্ত রয়েছে।











