কক্সবাজারের চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে এক বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা পশু চিকিৎসক মোহাম্মদ নোমানের বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুটির নাম ওয়াসেনাত। সে পশু চিকিৎসক মোহাম্মদ নোমানের কন্যা।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতালে শিশুটিকে দেখা এক ব্যক্তি বললেন, বেডে শুয়ে আছে শিশুটি। নিথর শিশুটির হাত ও পা ধরে আছেন শোকগ্রস্ত বাবা। না, শিশুটির হাত আর নড়বে না। বাবার মুখে আদরের হাতও বুলাবে না। দেখুন, সামান্য ভুল বড় ক্ষতি করে দিল পরিবারটির।
আম–কাঠালের মৌসুম চলছে। বাজারে আসছে লিচুও। রসালো পুষ্টিগুণ সমৃদ্ধ ফলটি খেতে শিশুরাও খুব পছন্দ করে। তবে লিচুর বিচি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। শুধু শিশু নয়, যেকোনো বয়সের ব্যক্তির গলায়
আটকে যেতে পারে লিচুর বিচি। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আকস্মিক দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে যাওয়াই ভালো। আংশিকভাবে আটকে গেলে (শ্বাস নিতে পারছেন, কাশি দিতে পারছেন) কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। জোরে জোরে কাশলে অনেক সময় আটকে থাকা বস্তুটি বেরিয়ে আসে। তবে আঙুল ঢুকিয়ে গলা খোঁচাবেন না, শক্ত কিছু গিলে ফেলবেন না এবং অস্বস্তি বেশি লাগলে অবহেলা করবেন না। দ্রুত ডাক্তারের কাছে যাবেন। শিশুদের ক্ষেত্রে গলায় কিছু আটকে গেলে তা জীবনঘাতী হতে পারে, তাই দেরি না করে চিকিৎসকের সহায়তা নিন।













