পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় একটি সেনা ক্যাম্পে হামলা প্রতিহত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী নয়জন সন্ত্রাসীকে হত্যা করেছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, সংঘর্ষ চলাকালে চারজন নিরাপত্তা কর্মীও শহীদ হয়েছেন। নিষিদ্ধ তেহরিকতালেবান পাকিস্তান (টিটিপি)-এর রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নাম ‘ফিতনাআলখাওয়ারিজ’এর সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে বিস্ফোরক নিয়ে ক্যাম্পে হামলা চালায় এবং গুলি চালাতে চালাতে একটি গেট দিয়ে ক্যাম্পটি ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তা বাহিনী সময়মতো ও কার্যকরভাবে জবাব দেওয়ায় তারা তাদের হামলার পরিকল্পনায় ব্যর্থ হয়। খবর বাংলানিউজের।

সূত্র জানায়, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এ সংঘর্ষে নয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন সেনা শহীদ হয়েছেন। বিস্ফোরক ব্যবহার এবং তীব্র গোলাবর্ষণ সত্ত্বেও সন্ত্রাসীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি এবং ক্যাম্পটিতে তল্লাশি ও নির্মূল অভিযান চলছে। এদিকে, আহত নিরাপত্তা কর্মীদের চিকিৎসার জন্য পেশোয়ারে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।

খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশসহ নয়জন নিহত হওয়ার মাত্র তিন দিন পর এ হামলা হলো। ওই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। এর আগে, গত ৯ মে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী হামলায় ১৫ জন পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন।

বিগত বছরে খাইবার পাখতুনখোয়ায় (কেপি) সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন ২০২৫ অনুসারে, গত বছর কেপিতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২১, আহত ৪৫
পরবর্তী নিবন্ধকঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু