জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা এটিএম মাসুম বলেছেন, ইসলামের বিজয় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর রুকনদের বহুমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমেই ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে। বর্তমান সরকার বিভিন্ন পর্যায়ে নির্লজ্জভাবে দলীয়করণ করছে, যা অতীতের স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে। সরকার জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায়কে পাশ কাটিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে, যার পরিণতি শুভ হবে না।
গতকাল শুক্রবার চান্দগাঁও থানা আয়োজিত রুকন শিক্ষা শিবির থানা আমির মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন জামায়াতে ইসলামীর মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার। শুভেচ্ছা বক্তব্য দেন, মহানগরী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন চবি আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।













