কুড়া-ভুষি মিশিয়ে ফুচকা তৈরি তিন কারখানাকে জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভাঙা ফ্লোরের উপর নিম্নমানের আটাময়দার সঙ্গে কুড়াভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা। এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা ফুচকা পলিথিনের বস্তা ভর্তি করে সরবরাহ করা হয় পুরো নগরীতে। এরকম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভাঙা ফ্লোরের উপর নিম্নমানের আটাময়দার সঙ্গে কুড়াভুষি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল। এ অপরাধে সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চসিক সূত্র জানায়, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই নিজ গ্রামে শায়িত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
পরবর্তী নিবন্ধআগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন