কিছু চাইতে পারি না বলে –
প্রতিটি সন্ধ্যা শোকার্ত হয়ে ওঠে;
সময়ের নিষ্ঠুরতার সঙ্গে করতে হয় সৌহার্দ্য
বিষণ্ন সন্ধ্যা পেরিয়ে এগোতে থাকি অন্ধকারের দিকে!
কিছু অপার্থিব আকাঙ্ক্ষা প্রস্রবণে ঘনীভূত হয়ে ওঠে
হৃদয়ে জাগে গভীর সমুদ্রের ঢেউ –
কিছু চাইতে পারি না বলে–বৃথা হয় গোপন প্রার্থনা –
ব্যর্থতার ক্লান্তস্বরে অশ্রু বয়ে যায়;
সে জলের ধারা ভাসিয়ে নিয়ে যায় কোন রহস্যের সম্মুখে!
অনিবার্য হয়ে উঠে কিছু প্রশ্ন!
ব্যাহত মন শেখেনি সম্পর্কের বৈপরীত্য;
সুপ্ত বাসনা নিয়ে মগ্ন থাকে অকারণ –
ভুলে যায় নিজের সকল অভিজ্ঞতা!
এমন লুকোচুরি খেলায় মন হঠাৎ আগ্রাসী হয়ে উঠলে
ভাবনার বাঁধ ভেঙে পেতে চায় কোনো পার্থিব পূর্ণতা!








