পটিয়ার হাইদগাঁওয়ে ১৩৩ কোটি টাকা ব্যয়ে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ শুরু

নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

পটিয়ার হাইগাঁওয়ে ১৩৩ কোটি টাকা ব্যয়ে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক।

উদ্বোধনের পর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশেপাশের এলাকার চিত্র পাল্টে যাবে। প্রায় ২ হাজার হেক্টর কৃষিজমি চাষাবাদের আওতায় আসবে। উপকৃত হবে কৃষকরা। পাশাপাশি পর্যটন স্পট গড়ে তোলার মাধ্যমে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। এছাড়াও বৃষ্টির পানি বা অতিবৃষ্টির ফলে নিচু অঞ্চলের মানুষকে কষ্ট পেতে হবে না।

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে ও যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ–বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন, সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ–অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের উপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক বসানো, বাঁধ নির্মাণসহ ৫টি প্যাকেজের কাজ শুরু হয়। প্রকল্পের কাজটি ২০২৭ সালের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ পেলে অটিজম আক্রান্তরাও অবদান রাখতে পারে
পরবর্তী নিবন্ধমূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার, ৬ রোল উদ্ধার