মো. করিম (৪৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। নগরের হাজারি গলি থেকে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। ‘ডাইল করিম’ নামে পরিচিত এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি, খুনসহ বিশেষ ক্ষমতা আইনের মোট ২৩টি মামলা রয়েছে।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে করিমকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত করিম হাজারী লেইনের হাজারী মসজিদ গলির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।













