এক ভবন মালিকের কাছ থেকে এক কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন– মো. জসিম উদ্দিন (৩৭) ও মো. মালেক হাওলাদার (৪৬)। গত সোমবার রাতে জামালখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ধৃতরা বিভিন্ন সময়ে ভাড়াটিয়াদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা ভবন মালিককে না দিয়ে নিজেদের কাছে রেখে দেন। এভাবে মোট এক কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করেন বলে তাওসিফ হোসেন রাকীন (৩৪) নামে এক ভবন মালিক থানায় অভিযোগ দেন।
ভবন মালিকের দাবি, অসুস্থতার সুযোগ নিয়ে গত মার্চ মাসে তার ভবনের কর্মচারী রফিকুর রহমান প্রকাশ ইমনের সহযোগিতায় জসীম ও মালেক হাওলাদার ভবনের ৩৫টি ফ্ল্যাটের ভাড়া ও ভাড়াটিয়াদের কাছ থেকে নেওয়া অগ্রিমের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জামালখান এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভবনের কর্মচারী রফিকুর রহমান প্রকাশ ইমনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।













