৫ হাজার রানের ক্লাবে মোমিনুল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন মোমিনুল হক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আউট হন মোমিনুল। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার।

সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে মোমিনুলের পরিসংখ্যান ছিল৭৫ ম্যাচে ৪৮৫৯ রান। এ ম্যাচের প্রথম ইনিংসে ৯১ রান করেন তিনি। ফলে তার টেস্ট ক্যারিয়ারের রান গিয়ে দাঁড়ায়৪৯৫০এ। তাই ৫ হাজার রান থেকে ৫০ রান দূরে ছিলেন মোমিনুল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরিতে পা দিয়ে ৫ হাজার রানের মালিক হন তিনি। ৭৬ টেস্টে মোমিনুলের রান এখন ৫০০৬। মোমিনুলের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ১শ টেস্টে ৬৫৮১ (মিরপুর টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত) রান নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড মুশফিকের। সর্বোচ্চ ১৩টি করে সেঞ্চুরি আছে মুশফিক ও মোমিনুলের। পাশাপাশি মুশফিক ২৯টি ও মোমিনুল ২৭টি হাফসেঞ্চুরি হাঁকান। ৭০ টেস্টে ৫১৩৪ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন তামিম। ১০ শতকের সাথে ৩১টি অর্ধশতক আছে এই বাঁহাতি ব্যাটারের। ৭১ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৩১ হাফসেঞ্চুরিতে ৪৬০৯ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব আল হাসান। তালিকার পঞ্চম স্থানে আছেন লিটন দাস। ৫২ ম্যাচে ৩১৫০ রান (মিরপুর টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত) করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়ার রিট খারিজ
পরবর্তী নিবন্ধওয়ানডে র‌্যাঙ্কিং : রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের