বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ৭ এপ্রিল সিদ্ধান্ত বেআইনি ঘোষণা চাওয়া রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। এর আগে সাত আইনজীবী গত ৩০ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল রিটে।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছিল। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান।
আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে।
কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।














