আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং তুরস্কের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষরিত হয়েছে। গত শনিবার আইআইইউসি’র কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইওআই স্বাক্ষর হয়।
চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. হাক্কি চিফতি শনিবার সকালে আইআইইউসি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সঙ্গে বৈঠক করেন। পরে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইওআই স্বাক্ষর করেন চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাক্কি চিফতি এবং আইআইইউসির প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।
দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে এটি প্রাথমিক পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা, শিক্ষক–শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হক, আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যরা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ড. হাক্কি চিফতির হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সহযোগিতামূলক উদ্যোগে আন্তরিক আগ্রহ প্রদর্শনের জন্য তাকে ধন্যবাদ জানান।
সফরকালে প্রফেসর ড. হাক্কি চিফতি আইআইইউসির অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক শিক্ষাব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।













