সীতাকুণ্ডে পর্যটকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার ঘটনার দিন রাতে আহতদের মধ্যে এক পর্যটক বাদি হয়ে ১৮ জন হামলাকারীর বিরুদ্ধে মামলা করলে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে মুরাদপুর ইউনিয়নের পর্যটন স্পট গুলিয়াখালী সমুদ্র সৈকতে মানিকগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকা থেকে বেড়াতে আসেন ১২ জন পর্যটক। তারা সবাই শিক্ষার্থী। তখন দোলনায় বসাকে কেন্দ্র করে দোকানি ও স্থানীয়দের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ তুমুল সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। তারা কোনো উপায় না দেখে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে আহতদের মধ্যে রাব্বি নামের একজন পর্যটকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসক দ্রুত চমেকে প্রেরণ করেন। আহতরা হলেন, মো. ফজলে রাব্বি, তাজিম, শেখ জাহিল আবরার, মো. রাদ, মো. রাজু, সৈয়দ তাসফিকুল ইসলাম, মেহেদী হাসান ও মো. আলিফ।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইমলাম বলেন, ঘটনার দিন শনিবার রাতে আহত এক পর্যটক (শিক্ষার্থী) বাদি হয়ে হামলাকারী সুনির্দিষ্ট ৬ জন ও অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই দিন ২ জন ও পরের দিন রবিবার আরও ২ জন মোট ৪জন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে ওসি জানান।














