রিজার্ভ ভাড়ার কথা বলে মিনিবাস চালক ও হেলপারকে জিম্মি, মুক্তিপণ দাবি

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১০ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারায় বাসসহ চালকহেলপারকে জিম্মি করে এক লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চাতরী চৌমুহনী বাজার থেকে বাসটি ভাড়ায় নিয়ে বরুমচড়ায় জিম্মি করার এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাস মালিক শফিউল আলম আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ারা সদরের মো. জাহেদ (২৩), বরুমছড়ার মো. ইমন (১৯), বারখাইন তৈলারদ্বীপের নুরুল কবির (৫৫) ও নুরুল মোমিন আরাফাত (২৮)। এ সময় গাড়ি চালক মো. শহিদুল ইসলাম এবং দুই হেলপার মো. ফোরকান ও মো. জাহেদকে উদ্ধার করা হয়।

আনোয়ারা থানা ও মামলার এজাহারে জানা গেছে, গত ৭ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলীর বাসিন্দা শফিউল আলমের মালিকানাধীন একটি মিনিবাস চাতরি চৌমহনী থেকে যাত্রী সেজে অপহরণকারী চক্র বরুমছড়া এলাকায় রিজার্ভ ভাড়ার কথা বলে গাড়িটি নিয়ে যান। এরপর চালক মো. শহিদুল ইসলাম, দুই হেলপার মো. ফোরকান ও মো. জাহেদকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাদের আটকে রেখে গাড়ির মালিক শফিউল আলমের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পর গাড়ি মালিক আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে মোবাইল টেকিংয়ের মাধ্যমে পুলিশ বরুমছড়া ইউনিয়নের একটি নুরানী মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে এজাহারভুক্ত দুই আসামি মো. জাহেদ ও মো. ইমনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরুমছড়ার মোহাম্মদ আলীর টেক এলাকা থেকে অপহৃত মিনিবাসসহ চালক ও হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাছাড়া শুক্রবার গভীর রাতে পৃথক অভিযানে তৈলারদ্বীপ এলাকা থেকে এ চক্রের আরও দুই সদস্য নুরুল কবির ও নুরুল মোমিন আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার এসআই জুয়েল মিয়া জানান, মিনিবাস চালক হেলপারকে জিম্মি করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনোয়ারা থানায় চুরি, ছিনতাই ও মাদকের মামলাও রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশুভেন্দুর নেতৃত্বে শপথ নিল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার
পরবর্তী নিবন্ধসোনাদিয়ায় অবৈধ ২৫ কটেজ ও রিসোর্ট উচ্ছেদ