ঘুমের ঘোরে মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১০ মে, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত মাকড়সার কামড়ে মো. ইব্রাহীম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোররাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ওই এলাকার ইউনুছ মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৪টার দিকে ঘুমের মধ্যে একটি বিষাক্ত কালো মাকড়সা ইব্রাহীমের ঘাড়ে কামড় দেয়। পরে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। সকালে স্বজনরা তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, ইব্রাহীমের ঘাড়ের পাশেই কালো মাকড়সাটি পাওয়া গেছে।

চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। তারা জানান, কানের পাশের ঘাড়ে কিছুটা লালচে ফোলা দাগ দেখা গেলেও শরীরে স্পষ্ট কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার ডিএপি সার কারখানায় উৎপাদন শুরু
পরবর্তী নিবন্ধদেশের সব বন্ধ ট্যানারি পুনরায় চালুর দাবি