আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) আবার উৎপাদন শুরু হয়েছে। অ্যামোনিয়া সংকটের কারণে টানা ১৮ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার দুপুর ২টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।
কারখানা সূত্রে জানা গেছে, গত ২ মে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে যাওয়ার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েক দিন ধরে অ্যামোনিয়া মজুত করার পর গতকাল দুপুর থেকে পুনরায় উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। এর আগে কাঁচামাল অ্যামোনিয়ার মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন বন্ধ হয়ে যায়।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, কারখানাটি সচল থাকলে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করা সম্ভব হয়।













