বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবারও যেতে পারলো না জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে এবার বায়ার্ন মিউনিখ দ্বিতীয় লেগে ১১ গোলে ড্র করায় দুই লেগ মিলিয়ে ৫৬ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস এরেনায় পিএসজির প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট আর্সেনাল। গত বৃহস্পতিবার রাতে মিউনিখের আলিয়াঁজ এরেনায় ম্যাচ শুরুর তিন মিনিটেরও কম সময়ের মধ্যে পাল্টা আক্রমণে গোল করে এগিয়ে যায় পিএসজি। ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে লুইস এনরিকের দলের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। পুরো ম্যাচে বায়ার্নের আক্রমণভাগকে অনেকটাই নিস্ক্রিয় রাখতে সক্ষম হয় পিএসজি, যদিও যোগ করা সময়ে হ্যারি কেন একটি গোল শোধ দেন। বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফাইনালে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের বিপক্ষে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফরাসি ক্লাবটি। ১৯৯০ সালের পর থেকে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করা একমাত্র দল রিয়াল মাদ্রিদ। এবার সেই কীর্তিতে নাম লেখাতে চায় পিএসজি। প্রথম লেগের তুলনায় দুই দলই মাত্র একটি করে পরিবর্তন আনে। ইনজুরিতে থাকা আশরাফ হাকিমির পরিবর্তে পিএসজির একাদশে সুযোগ পেয়েছিলেন ফাবিয়ান রুইজ। রুইজের দারুণ থ্রু পাসে বাম দিক দিয়ে কাভিচা কাভারাটসখেলিয়া ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন ডেম্বেলের কাছে। নিখুঁত ফিনিশে ডেম্বেলে বল জালে প্রবেশ করান। প্রথম আধাঘণ্টায় ওলিসে, কেন ও জসুয়া কিমিচ বারবার ভুল পাস দিয়ে আক্রমণ নষ্ট করেন। ৩০ মিনিটে ভিটিনহার ক্লিয়ারেন্স হুয়াও নেভেসের হাতে লাগলে পেনাল্টির আবেদন জানায় বায়ার্ন, কিন্তু রেফারি হুয়াও পিনহেইরো তা নাকচ করে দেন। এর আগে পিএসজির ফুলব্যাক নুনো মেন্ডেসের হ্যান্ডবলের পরও দ্বিতীয় হলুদ কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ হয় স্বাগতিকরা। পিএসজি দ্বিতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিল। কিন্তু ম্যানুয়েল নয়্যার দারুণ দক্ষতায় নেভেসের হেড পোস্টের বাইরে পাঠান। বিরতির ঠিক আগে ছন্দ ফিরে পায় বায়ার্ন। জামাল মুসিয়ালার একটি নিচু শটে পিএসজি গোলরক্ষক মাটভে সাফোনোভ দারুণ দক্ষতায় রুখে দেন। দ্বিতীয়ার্ধে পিএসজি আরও পরিণত ফুটবল খেলে। রক্ষণে নেমে বায়ার্নের চাপ সামাল দেয়। একইসাথে কাউন্টার এ্যাটাকও বজায় রাখে। বায়ার্ন বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায় যোগ করা সময়ে। এটি ছিল কেইনের এবারের আসরে সপ্তম গোল।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চার-পাঁচের দিকে তাকিয়ে শান্ত
পরবর্তী নিবন্ধসাফের প্রস্তুতি নিতে থাইল্যান্ড গেলেন আফঈদারা