গদ্য পড়ি, পদ্য পড়ি
গাই যখনই গান,
সবখানেতেই রবির ছোঁয়া
পাগল করে প্রাণ।
রবি আছে পূজার থালায়
আছে প্রেমের মাঝে,
সব ঋতুতেই আছে রবি
সকাল দুপুর সাঁঝে।
এক জীবনে রবির ছায়া
চাই যে মনেপ্রাণে,
সব সমাধান পাই যেন তার
কাব্য–গল্প–গানে।
রবি ঠাকুর, তুমি আমার
নিত্য দিনের সাথি
তোমায় ছাড়া জীবন আমার
নিকষ কালো রাতি।










