কাপ্তাই সড়কে বিপজ্জনকভাবে ট্রাকভর্তি বাঁশ পরিবহন

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

কাপ্তাই সড়কে প্রায়ই বিপজ্জনকভাবে ট্রাকভর্তি বাঁশ পরিবহণ করা হচ্ছে। একটি ট্রাকে যে পরিমাণ বাঁশ লোড নেবার কথা তার দ্বিগুণের চেয়েও বেশি পরিমাণে বাঁশ লোড নেওয়া হচ্ছে। ট্রাকে যে পরিমাণ উচ্চতা তার প্রায় তিন গুণ উচ্চতায় বাঁশ লোড নিতে দেখা গেছে। ট্রাকের উপর বাঁশের উচ্চতা এতোটাই বেশি থাকে যে, দেখতে মনে হবে যে কোন মুহূর্তে ট্রাকটি বাঁশসহ উল্টে পড়ে যাবে। তাছাড়া সড়কের উপর দিয়ে যে বৈদ্যুতিক তার রয়েছে কোন কোন সময় সেই তারের সাথে বাঁশের স্পর্শ লেগে যায়। এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সব সময় থেকে যাচ্ছে। অনেক সময় ট্রাকের হেলপার বাঁশ দিয়ে তার উপরে তুলে ধরে ট্রাক পার করান। এতেও দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।

গত ২৬ নভেম্বর সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, একটি ট্রাক কাপ্তাই থেকে অত্যধিক পরিমাণে বাঁশ লোড করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তখন প্রায় সন্ধ্যা। লিচুবাগানে প্রধান সড়কের উপর হঠাৎ বাঁশের ট্রাকটি থেমে যায়। কারণ সড়কের উপরে অনেক বৈদ্যুতিক তার রয়েছে। ট্রাক চালক অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে সড়কে গাড়ি চালাচ্ছিলেন। এসময় অনেক মানুষ ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছিলেন। উপস্থিত আকবর আলী বলেন, বাঁশগুলো সবই ভেজা। এই ভেজা বাঁশের সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ হলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় সুনিল দাশ বলেন, সন্ধ্যার সময় ট্রাকটি এখন লিচুবাগান। এই ট্রাক চট্টগ্রাম যেতে যেতে রাত ৯টা থেকে ১০টা বেজে যেতে পারে। এমন বিপজ্জনকভাবে বাঁশ লোড নিয়ে রাতে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের মত ব্যস্ততম সড়কে বাঁশ বোঝাই ট্রাক চলাচল কি উচিৎ? বাস চালক মোঃ আবু তাহের জানান, তিনি কাপ্তাই জেটিঘাট থেকে এই বাঁশ লোড করে এনেছেন। তবে ট্রাক অতিরিক্ত বাঁশ বোঝাই করা হয়েছে বলে তিনি স্বীকার করলেও এভাবেই তারা সবসময় বাঁশ পরিবহণ করে থাকেন বলে জানান। তারমত আরো অনেক ট্রাক চালক এভাবে বাঁশ বোঝাই করে ট্রাক নিয়ে চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন বলেও তিনি জানান।

স্থানীয় মোঃ ইউসুফ আলী বলেন, জেটিঘাট থেকে কোন অবস্থাতেই এভাবে বিপজ্জনকভাবে বাঁশ লোড করে সড়কে পরিবহণ সম্ভব নয়। কেননা শীলড়িতে বিজিবির চেকপোস্ট রয়েছে। চেকপোস্ট থেকে এই বাঁশের ট্রাক কোনভাবে ছাড়া হবেনা। তিনি বলেন, বিজিবি চেক পোস্ট পার হয়ে এসে পথে কোন স্থানে ট্রাক চালকরা দুটি ট্রাকের বাঁশ একটি ট্রাকে লোড করে পরিবহণ করেন। এর ফলে তাদের একটি ট্রাকের পরিবহণ খরচ বাঁচে। ট্রাকের পরিবহণ খরচ বাঁচানোর জন্য এভাবে ঝুঁকি নিয়ে বাঁশ পরিবহণ কোনভাবে কাঙ্ক্ষিত নয় বলেও তিনি জানান। ভয়াবহ দুর্ঘটনা এড়াতে এ ব্যাপারে তিনি উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কাপ্তাই চট্টগ্রাম সড়কে ভার বহনের সক্ষমতা রয়েছে। সড়কে একটি গাড়ীতে কি পরিমাণ লোড নিতে পারবে তারও পরিমাপ রয়েছে। অতিরিক্ত মালামাল বোঝাই যে কোন যানবাহন সড়কের উপর দিয়ে চলাচল করলে অবশ্যই সড়ক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে ভারী মাল ভোঝাই ট্রাক সড়কের যে প্রান্ত দিয়ে যাতায়াত করবে সেখানে গাড়ির চাকার চাপে কোন কোন স্থানে সড়ক নিচের দিকে দেবে যেতে পারে। এমনিতেই কাপ্তাই চট্টগ্রাম সড়কে অসংখ্য যানবাহনের চাপ। তার উপর সড়কে অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাক চলাচল পুরো সড়ক পথকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, সড়কে নিরাপত্তা বজায় রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য। দ্রুত ও বেপোরোয়া গতির যান বাহন যেরকম দুর্ঘটনার অন্যতম কারণ তেমনি নিয়ম বহির্ভূত মালামাল পরিবহন করাও দুর্ঘটনার কারণ। ওভারলোড মালামাল বোঝাই অনেক ট্রাককে সড়কের উপর উল্টে পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, সব সময় পুলিশ বা প্রশাসন সব ক্ষেত্রে নজরদারি নাও রাখতে পারে। কিন্তু যিনি বা যারা যানবাহন পরিচালনা করেন তাদেরও বিষয়টি দেখা একান্ত প্রয়োজন। কেননা দুর্ঘটনা ঘটলে মালিকের ৩০ লাখ টাকা দামের ট্রাক যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি দুর্ঘটনায় ট্রাক চালক বা হেলপারের মৃত্যুও হতে পারে। এ ব্যাপারে তিনি ট্রাফিক পুলিশকে সড়কের উপর বিশেষভাবে নজরদারি রাখার জন্য বলবেন বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা ওয়ার্ডে ৯টি সড়কের উন্নয়ন ও সংস্কার