তুলির আঁচড় দিয়েই আঁকি
জোড়াসাঁকোর বাড়ি
সম্মুখে তার রবীন্দ্রনাথ
মুখে গোঁফ আর দাড়ি।
লালচে রঙের ইটের দালান
ইতিহাসের পাঠ
লাল সবুজে এঁকে নিলাম
বৃক্ষ এবং মাঠ।
রবীন্দ্রনাথ স্থির দাঁড়িয়ে
বাড়ায় যেন হাত
তুলির পরশ পেয়েই ছবি
করে বাজিমাৎ।
এমনি করে খাতায় রঙের
তুলির আঁচড় রেখে
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি
নিলেম আমি এঁকে।










