রাউজানে ভূমিহীনদের জন্য বরাদ্দ করা ঋণের টাকা আত্মসাতের দায়ে এক এনজিও কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৭২ হাজার ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সৈয়দ হাসানুজ্জামান লোটন। তিনি টাঙ্গাইলের সদর থানার আকুরঠাকুরপাড়া শিমুলতলী এলাকার বাসিন্দা এবং রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর ল্যান্ডলেস (র্যাডল) নামের একটি এনজিওর মহাসচিব। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এজন্য তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক পিপি এনামুল ইসলাম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডবিধির পৃথক দুটি ধারায় হাসানুজ্জামানকে ৫ বছরের সাজা, ৭২ হাজার ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আদালত সূত্র জানায়, হাসানুজ্জামান লোটন ২০০৩ সালে রাউজান উপজেলার দাবুয়া গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের জন্য ৭০ হাজার টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী ৩ শতাংশ সার্ভিস চার্জসহ নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারকে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম জেলার ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের জন্য র্যাডল এনজিওর মাধ্যমে মোট ১২ লাখ ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ বিতরণ ও আদায়ের দায়িত্বে ছিলেন আসামি। কিন্তু তিনি বিতরণ করা অর্থ থেকে ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক চৌধুরী এন এম আলম রাউজান থানায় হাসানুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর ২০১০ সালের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়। ২০১৭ সালের ২২ মার্চ চার্জ গঠনের মাধ্যমে তার বিরুদ্ধে বিচার শুরু হয়।













