রেকর্ড গড়ে কিউইদের হারাল বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটের ‘লাকি গ্রাউন্ড’ হিসেবে পরিচিত চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টিটোয়েন্টি সিরিজ শুরু করেছে টাইগাররা। তাওহিদ হৃদয়ের ঝড়ো হাফসেঞ্চুরির সাথে পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেনের ক্যামিও ইনিংসের সুবাদে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২ ওভার বাকি থাকতে ৪ উইকেটে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সেই সাথে ঘরের মাঠে টিটোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের স্বাদ পেল টাইগাররা। আগেরটি ২০২৫ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। গতকাল চার নম্বরে ব্যাট হাতে নেমে ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন হৃদয়। ইমন ১৪ বলে ২৮ এবং শামীম ১৩ বলে অপরাজিত ৩১ রান করেন।

টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ওভারেই উইকেট শিকারের আনন্দে মেতে উঠে বাংলাদেশ শিবির। ফিল্ডার তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোতে রান আউট হয়ে খালি হাতে ফিরেন নিউজিল্যান্ড ওপেনার টিম রবিনসন। দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন নিউজিল্যান্ডের আরেক ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভার। পাওয়ার প্লে’তে ৬১ রান জমা করেন তারা।

স্পিনার রিশাদ হোসেনের করা দশম ওভারের তৃতীয় বলে টিটোয়েন্টিতে দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ নেন ক্লিভার। ঐ ওভারের চতুর্থ ডেলিভারিতে লেগ বিফোর আউট হন ক্লিভার (৫১)। দলীয় ৯৯ রানে ক্লিভার ফেরার পর টিটোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরির স্বাদ নেন ক্লার্ক। কিন্তু ক্লার্কও ইনিংস বড় করতে পারেননি। রিশাদের বলে হৃদয়কে ক্যাচ দিয়ে আউট হন ৩৭ বলে ৫১ রান করা ক্লার্ক। দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৮৮ রান যোগ করেন ক্লার্ক ও ক্লিভার। এরপর মিডল অর্ডারে দ্রুত দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। বেভন জ্যাকবসকে ১ রানে তানজিম হাসান এবং ডিন ফঙক্রফটকে ৩ রানে আউট করেন স্পিনার মাহেদি হাসান।

এতে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১৩০ রান তুলে নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথ দেখান এ ম্যাচের অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন। ১৮তম ওভারে দলকে ১৬২ রানে রেখে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের শিকার হন কেলি (৩৯)। ইনিংসের শেষ ১৩ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ এনে দেন ক্লার্কসন ও নাথান স্মিথ। বল হাতে রিশাদ ২টি, শরিফুলতানজিম ও মাহেদি ১টি করে উইকেট নেন।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বলে ৪১ রানের সূচনা করে বাংলাদেশ। জুটিতে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ১৭ রান করে থামেন সাইফ। সাইফের বিদায়ে ক্রিজে এসে ২টি চার ও ১টি ছক্কায় ভালো শুরু করেন অধিনায়ক লিটন। কিন্তু নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধির শিকার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২১ রানে থামেন টাইগার দলপতি। লিটন ফেরার কিছুক্ষণ পর সোধির দ্বিতীয় শিকার হন তানজিদ। ওয়ানডে মেজাজে খেলে ২৫ বলে ২০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এতে ১১তম ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

চাপে থাকা বাংলাদেশকে লড়াইয়ে ফেরাতে নিউজিল্যান্ড বোলারদের উপর চড়াও হন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। দু’জনের ২৮ বলে গড়া ৫৭ রানের জুটিতে জয়ের লড়াইয়ে ফিরে বাংলাদেশ। ১৫তম ওভারের পঞ্চম বলে আউট হন ইমন। ১ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৮ রান করেন তিনি। ইমন যখন ফিরেন তখন ৬ উইকেট হাতে নিয়ে ৩১ বলে ৪৯ রান দরকার পড়ে বাংলাদেশের।

পঞ্চম উইকেটে শামীম হোসেনকে নিয়ে ২১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২ বল বাকি থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হৃদয়। এই জুটিতে ২৬ বলে টিটোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরির স্বাদ নেন হৃদয়। ২টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ১৩ বলে অনবদ্য ৩১ রানের ইনিংস খেলার পথে ৩টি চার ও ২টি ছক্কা মারেন শামীম। নিউজিল্যান্ডের সোধি ২ উইকেট নেন। চট্টগ্রামেই আগামীকাল ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরের ১৮ মামলার আসামি মনা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় দোকানির মৃত্যু