জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি ওসমান গণি প্রকাশ মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত রবিবার বিকাল ৩টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নস্থ একটি পাঁচতলা ভবন থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তার দেয়া তথ্য মতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজুর (৩২) সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।
হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওসমান গণি প্রকাশ মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি প্রকাশ মনা দীর্ঘদিন থেকে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে সন্ত্রাসের রাজত্ব কয়েম করে আসছে। সেখানে তার নিজস্ব বাহিনীর মাধ্যমে ভূমিদস্যু–চাঁদাবাজিসহ সান্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে দীর্ঘদিন থেকে খুঁজছে।












