রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া পরিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। তৃণমূল থেকে আগামীর তারকা তৈরির এই উদ্যোগকে ঘিরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে সাজ সাজ রব। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান সরাসরি মাঠে নেমে তদারকি করছেন। বুধবার তিনি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মজুমদারখীল উচ্চ বিদ্যালয় এবং খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। আগামীর চ্যাম্পিয়ন তৈরির এই প্ল্যাটফর্মে থাকছে আটটি ডিসিপ্লিন। প্রতিটি ইভেন্টে ধাপে ধাপে প্রতিভা অন্বেষণের মাধ্যমে বাছাইকৃতদের দেওয়া হবে উন্নত মানের প্রশিক্ষণ।












