মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট এসএসসি’ কার্যক্রমের আওতায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিনা পয়সায় বাস যাত্রা চালু করা হয়েছে। গত মঙ্গলবার বিনামূল্যে বাস সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। সীতাকুণ্ডের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগটি ইতোমধ্যে নবম বারের মতো পরিচালিত হচ্ছে। যা একটি অনন্য দৃষ্টান্ত। এবারের নির্ধারিত রুটসমূহ বড় দারোগাহাট থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে একে খাঁন এবং কুমিরা থেকে সীতাকুণ্ড পৌরসদর। ২০২২ সাল থেকে এই কার্যক্রম সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। পরীক্ষার দিন যাতায়াত জনিত দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের মনোযোগ শুধু পরীক্ষায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন ইতোমধ্যে ৬০টিরও বেশি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। রোড টু লাইট বাস সেবাসহ ধারাবাহিক স্বেচ্ছাসেবী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কল্লোল বড়ুয়া, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি কাইয়ুম চৌধুরী, উপদেষ্টা নুর উদ্দীন লিটন, উপদেষ্টা মো. জাহেদ হোসেন, সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, রোড টু লাইট এর প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিন প্রমুখ।












