মা ও শিশু হাসপাতালে : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গতকাল সোমবার থেকে মাস ব্যাপি হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, ডা. বিজয় তালুকদার, নার্সিং সুপারভাইজার আবিদা সুলতানা, হাসনে আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সি (৫৯ মাস পর্যন্ত) সকল শিশুকে হাম–রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় হাম–রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার পোমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। টিকাদান শেষে শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে উৎসাহিত করেন ইউএনও। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জয়নাব জামিলা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রায়হান এবং এমওডিসি ডা. মো. ইসমাঈল হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল রহমান, ইউপি সদস্য ইকবাল হোসেন, ছাত্রদল নেতা মো. কামাল, এমটিইপিআই মো. নাছির উদ্দীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সীমা বড়ুয়া, স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলামসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল ও কমিউনিটিতে স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে।তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে আগামী ২০ দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

লোহাগাড়া প্রতিনিধি জানান, সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গত রোববার উপজেলা সদরে নজুমুন্নিছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ ইকবাল হোসাইন। উপজেলা স্বাস্থ্য সহকারী আবদুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা শিক্ষা ককর্মকর্তা কাজী মোহাম্মদ ইবনে মাসুদ, সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী ও জাহেদুল ইসলাম।
জানা যায়, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, স্থায়ী ও অস্থায়ী ৫০১টি টিকাদান কেন্দ্রে ৪৪ হাজার ৪৫ জন শিশুকে হাম–রুবেলা টিকা দেয়া হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। তাই নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।














