যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা রাজ্যের শ্রিভপোর্টে বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে, যাদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম রোববার এ খবর জানিয়েছে। পুলিশ এ ঘটনাকে গার্হস্থ্য বিবাদ বলে বর্ণনা করেছে। রোববার ভোরের দিকে শ্রিভপোর্টের ভিন্ন ভিন্ন বাড়িতে এই হামলা চালানো হয়। গুলিবিদ্ধ হয়েছে মোট ১০ জন। খবর বিডিনিউজের।
বন্দুকধারী পরে পুলিশের ধাওয়ার মুখে পালাতে গিয়ে গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র ক্রিস্টোফার। সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর একটি গাড়ি ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশের ধাওয়ার মুখে পড়ে। পুলিশ এই হামলাকারীর বিষয়ে কোনও তথ্য দেয়নি। তবে ক্রিস্টোফার এনবিসি নিউজ–কে বলেন, গুলিতে নিহত কয়েকজন শিশু তার বংশধর ছিল।














