নন্দিত অভিনেতা–নির্মাতা তৌকীর আহমেদ। গত ৫ মার্চ ছিল তৌকীর আহমেদের ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তার কর্ম ও সৃজনকে স্মরণ ও শ্রদ্ধায় ভরিয়ে দিতে ‘সুহৃদ’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’। যার আয়োজন করেছেন তার সহকর্মীরা। কাল ১৯ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘সুহৃদ’–এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি। এই আয়োজনে থাকছে সেমিনার, মতবিনিময়, চলচ্চিত্র ও মঞ্চনাটকের প্রদর্শনী। আয়োজনটির সহযোগিতায় আছে নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। খবর বাংলানিউজের। সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার। এতে অংশ নেবেন সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও সংগঠকেরা। সেমিনার উপলক্ষে তৌকীর আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তৌকীর আহমেদ নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিকেল ৪টায় প্রদর্শিত হবে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। প্রদর্শনী শেষে রয়েছে মুক্ত আলোচনা। এতে অংশ নেবেন অভিনয়শিল্পী, নির্মাতা ও অতিথিরা।













