কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে ফুটবল খেলার পর গর্তের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৬ এপিবিএন পুলিশের তদন্ত কর্মকর্তা সুশান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেলে ফুটবল খেলা শেষে দুই শিশু পাশের একটি ইটভাটার এলাকায় যায়। সেখানে মাটি খননের ফলে সৃষ্ট বড় গর্তে বৃষ্টির পানি জমে গভীর জলাধারের সৃষ্টি হয়েছিল। অসাবধানতাবশত ওই পানিতে নামলে তারা তলিয়ে যায়।
এ সময় তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে। তবে উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা সুশান্ত সরকার আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর ও দাফন করা হয়েছে।














