‘এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে দিনাতিপাত করছে। ওই সমস্ত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। ফলশ্রুতিতে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের বিনা খরচে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে লিগ্যাল এইড অফিস কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। সরকারি এ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রচার বৃদ্ধি করতে হবে।’
গতকাল বুধবার জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুল হালিম এসব কথা বলেন। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) রূপন কুমার দাশ, জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার তামজীদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের এসি প্রসিকিউশন মো. নুরুল ইসলাম সিদ্দিক, জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ–পরিচালক আতিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক অ্যাড. মো. হাসান আলী চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাড. মফিজুল হক ভূঞা প্রমুখ। সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমের উপর হাতে–কলমে ইন্টার্নশিপের সমাপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের ৫ জন ছাত্রছাত্রীকে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












