জুলাই আন্দোলন চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। খবর বিডিনিউজের।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় জানিয়েছে, প্রসিকিউটর ফারুক আহাম্মদ রোববার এই অভিযোগ জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ। ২২ আসামির মধ্যে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও এ বি এম ফজলে করিম চৌধুরীর নাম রয়েছে। অন্য আসামিরা হলেন– চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু ছালেক, এসরারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, আজিজুর রহমান, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে ও তৌহিদুল ইসলাম। এ মামলায় আগামী ১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এর আগেই তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর আইনি যাচাই–বাছাই শেষে রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ অভিযোগের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগে নাম থাকা ২২ জনের মধ্যে চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আগেই অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে প্রাণ হারান চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম।
ঘটনার এক মাস পর ১৮ অগাস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের মা জোছনা বেগম। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫০ জনকে আসামি করা হয়। পরে জুলাই–অগাস্ট আন্দোলন ঘিরে চট্টগ্রামে ওয়াসিমসহ ১১জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একটি মামলা হয়। সেই মামলার তদন্ত শেষে ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় এই ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন।














