নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপ চাইতে তার স্ত্রী, বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিস দিতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, ইলিয়াস আলীর হত্যাকাণ্ড আনপানিশড যাবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ প্রসঙ্গ ওঠার পর জবাব দিতে গিয়ে স্পিকার বলেন, ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন। এই দেশের উঠতি জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড আনপানিশড যাবে না। এ ব্যাপারে এই সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এর আগে সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের উদ্ধৃতি দিয়ে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার প্রসঙ্গ তোলেন। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগের শাসন আমলে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীতে আমতলী এলাকার কাছ থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ইলিয়াস। দুলু বলেন, ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য, বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব–১ সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। যে অপরাধ হয়েছে এটা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের কাজ। ইলিয়াস আলী আপনার (স্পিকারের) সহকর্মী ছিলেন। আমার বন্ধু ছিলেন। অনেক স্মৃতি জড়িত রয়েছে।
তিনি বলেন, আজকে ইলিয়াস আলী বেঁচে থাকতো তাহলে একসঙ্গে এই সংসদে থাকতাম। যেটুকু জেনেছি, ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে তাকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটি করতে পারে। আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস ফেল করবে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে সরকারদলীয় এ হুইপ বলেন, শেখ হাসিনা কী ধরনের অভিনেত্রী ছিলেন! তার নির্দেশ ছাড়া যেমন ইলিয়াস আলী গুম হয়নি। তার নির্দেশ ছাড়া তাকে হত্যাও করা হয়নি। তার স্ত্রী, এই সংসদে বসা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তার (শেখ হাসিনার) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।
দুলুর বক্তব্য শেষ হওয়ার আগেই মাইক বন্ধ হয়ে যায়। পরে স্পিকার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক। সারা দেশের অত্যন্ত বহুল আলোচিত একটি বিষয়। ইলিয়াস আলীর সহধর্মিনী মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত রয়েছেন। বিষয়টি তিনি সংসদে একবার উত্থাপন করেছেন।
সিলেট–২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরকে উদ্দেশ করে তিনি বলেন, আমি তাহসিনা রুশদীর, মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানাবো, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত নোটিস দিতে পারেন। স্পিকার বলেন, তাছাড়া এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করতে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল অনুরূপ কতগুলো ঘটনায় ব্যবস্থা নিচ্ছে।













