খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন জ্বালানি তেলের ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত ও বৈধ লাইসেন্স যাচাই করতে গতকাল সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজ। অভিযান চলাকালে জেলা সদরের মেসার্স আশরাফ এন্টারপ্রাইজ, মেহেরুন্নেছা ফিলিং স্টেশন ও কে.সি. ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সঠিক পরিমাপ, ওজন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ লাইসেন্স দেখাতে না পারায় মহাজনপাড়া এলাকার মেসার্স আশরাফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের দলটি শহরের ফলের বাজারেও ঝটিকা অভিযান চালায়। সেখানে পণ্যের সঠিক ওজন ও বিএসটিআই অনুমোদন রয়েছে কি না তা পরীক্ষা করা হয়। অভিযানে বিএসটিআই মেট্রোলজি চট্টগ্রামের পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার ও ফিল্ড অফিসার অন্তর চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে সঠিক পরিমাপ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












