বাংলাদেশের ওয়ানডে দলে পরিবর্তনের ছড়াছড়ি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন লিটন কুমার দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। দল থেকে ছিটকে পড়েছেন জাকের আলি, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন। এছাড়াও চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান। টেনিস এলবোর চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন হাসান। তানজিম ভুগছেন পিঠের সমস্যায়। পরিবর্তনগুলোর মধ্যে লিটনের ফেরা বেশ কৌতূহল জাগানিয়া। সবশেষ ১৪ ওয়ানডেতে তার ফিফটি নেই। সবশেষ ৮ ইনিংসে ছুঁতে পারেননি দুঅঙ্ক। সবশেষ ২ ইনিংসে ফিরেছেন শূন্যতে। এমন ফর্মের কারণেই জায়গা হারিয়েছিলেন দলে। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএলে) একদিনের ম্যাচের আসরে তিন ইনিংস খেলে একটিতে ফিফটি করলেও বাকি দুই ইনিংসে করেছেন ১০ ও ০। বিসিএলের প্রথম ম্যাচে আফিফ সেঞ্চুরি করেছিলেন দুবার জীবন পেয়ে। পরের দুই ম্যাচে ততটা ভালো করতে পারেননি। তবে নির্বাচকদের মনে হয়েছে, বেশ ছন্দে আছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ৩৪ ওয়ানডে খেলেছেন আফিফ। সবশেষটি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ওই সিরিজেই ওয়ানডেতে সবশেষ মাঠে নেমেছিলেন শরিফুল। বিসিএলে ৪ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি ওভারপ্রতি প্রায় ৬ রান দিয়ে। বাংলাদেশের হয়ে ৪০ ওয়ানডে খেলে তার উইকেট ৫৮টি। নাহিদ ওয়ানডে খেলেছেন পাঁচটি। সবশেষ খেলেছেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে। এবারের বিসিএলে দারুণ বোলিং করেছেন তিনি। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন, বেশ গতিময় বোলিং করেছেন। হাসান ও তানজিমের চোটই মূলত শরিফুল ও নাহিদের ফেরার দুয়ার খুলে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে। সবকটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া ২টায়। সিরিজের আগে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিএল অল স্টার দলের বিপক্ষে। মিরপুরে শনিবার এই ম্যাচও শুরু হবে দুপুর সোয়া ২টায়।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।












