আইনজীবী আলিফ হত্যা মামলার বাদীকে জেরা অব্যাহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দ্বিতীয় দফায় বাদী জামাল উদ্দিনকে জেরা করেছে আসামিপক্ষ। গতকাল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামি দূর্লব দাশ ও রুমিত দাশের পক্ষে আইনজীবী কে পি শর্মা এবং আরেক আসামি রাজীব ভট্টাচার্য্য নিজে বাদীকে জেরা করেন। তবে মামলার প্রধান আসামি চিন্ময় দাশসহ অন্যান্য আসামিরা জেরার জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত আগামী ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাদীকে জেরা করা এখনো শেষ হয়নি। আগামী ধার্য তারিখেও তাকে জেরা করবে আসামি পক্ষ।

এর আগে গত ২ ফেব্রুয়ারি আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। সেদিন মামলার বাদী ও আলিফের বাবা জামাল উদ্দিন প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তাকে আংশিক জেরা করেন। দেশজুড়ে আলোচিত আইনজীবী আলিফ খুনের মামলায় গত ১৯ জানুয়ারি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশসহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।

পূর্ববর্তী নিবন্ধজুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিট আবেদন
পরবর্তী নিবন্ধএবার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সাইনবোর্ড