অস্ট্রেলিয়ার হয়ে বছরজুড়ে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। ফের দেশটির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ২৪ বছর বয়সী সাদারল্যান্ড সেরা হয়েছেন ৭৭ ভোট পেয়ে। ৭৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বেথ মুনি, ৫৬ ভোট পেয়ে তৃতীয় অ্যালানা কিং। ২০১৫ সালে মেগ ল্যানিংয়ের পর প্রথম ক্রিকেটার হিসেবে টানা দুইবার ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতলেন সাদারল্যান্ড। অস্ট্রেলিয়ার বর্তমান কোচ শেলি নিটস্কি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার জেতেন এই পুরস্কার। টানা পুরস্কারটি জয়ের স্বাদ পান আর কেবল কারেন রোল্টন ও লিসা স্টালেকার। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন সাদারল্যান্ড। বর্ষসেরা টি–টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন মুনি।












