পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনোরকম আগ্রাসন হলে দ্রুত এবং কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন চিফ অব আর্মি স্টাফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির। গত রোববার পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ইবন আল হুসেইনের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের সময় সংবাদমাধ্যম ডেইলি জংকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। আকাশের দিকে আঙুল তুলে ইশারা করে তিনি বলেন, পাকিস্তানকে জয়ের পথে নেতৃত্ব আমি দিইনি। আল্লাহ দিয়েছেন। আল্লাহর বিশেষ রহমতে গত মে মাসে পাকিস্তানের শত্রুরা মারা পড়েছিল। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী। এই বাহিনীর সেনারা আল্লাহর নামে লড়াই করে।
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহতের জেরে চলতি বছরের মে মাসে সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। ৫ ও ৬ মে রাতে পাকিস্তানের মাটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে সে সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। ছয় দিনের লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। পাকিস্তানের জিও নিউজ জানায়, ওই সংঘাতের পরই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ভারতের সঙ্গে ওই লড়াইয়ের প্রসঙ্গ টেনেই ডেইলি জংকে আসিম মুনীর বলেন, পাকিস্তান শান্তিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো আগ্রাসন চললে গত মে মাসে যেভাবে জবাব দেওয়া হয়েছিল, সেরকমই কঠোর জবাব দেওয়া হবে। খবর বিডিনিউজের।










