বলুয়ারদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমি ভবনের উদ্বোধন

জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্ববোধের চর্চা করতে হবে : মেয়র

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু বইপুস্তক নির্ভর জ্ঞান অর্জনে মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতায় শিক্ষার্থীরা আদর্শ মানুষ হয়ে উঠতে পারবে। তিনি গতকাল বৃহস্পতিবার বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, একটি বিদ্যালয় শুধু ভবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার পরিবেশ, শিক্ষক–শিক্ষিকার আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সহযোগিতা সব মিলিয়েই একটি বিদ্যাপীঠকে এগিয়ে নেয়। তিনি বলেন, মেধা সবার মধ্যেই থাকে, কিন্তু সেই মেধাকে বিকশিত করতে হবে। নিয়মিত স্কুলে আসতে হবে, পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ ব্যবহারের জন্য নিকটস্থ স্কুলের একটি মাঠ সংস্কারে চসিকের পক্ষ থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেন।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ করিম সাঈদ। উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি,প্রকৌশলী কামরুল আহসান, লামা বাজার সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মো. লিয়াকত আলী ও স্কুলের গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনামিবিয়ান ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ড
পরবর্তী নিবন্ধগাজায় নিহতদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন