পটিয়ায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই হোতা পুলিশের জালে

স্টিল চাকু ও টেক্সি জব্দ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

পটিয়ায় মহাসড়কে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের দুই হোতা পুলিশের জালে ধরা পড়েছে। ভুক্তভোগীর অভিযোগের ২ ঘন্টার মধ্যেই পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মহাসড়কে ছিনতাইকারী চক্রের এ দুই হোতাকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ। গতকাল রবিবার ভোর রাতে উপজেলার পটিয়ার ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের ফয়েজ আহম্মদ মাষ্টার বাড়ির মোঃ আবুল কালামের পুত্র আবুল কাশেম হৃদয় (২৪) ও উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মুন্সি বাড়ির আবুল কাশেম এর পুত্র এনামুল হক ইমরান (২৪)। এ চক্রটি দীর্ঘদিন ধরে পটিয়ায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে ব্যারিকেড দিয়ে বিভিন্ন গাড়ীর যাত্রী ও চালকদের জিম্মি করে খুন জখমের ভয় দেখিয়ে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারী আবুল কাশেম হৃদয় (২৪) কাছ থেকে মামলার ঘটনায় দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং–চট্টগ্রাম থ–১৪–৮১৮৪), ১টি স্টিলের চাকু, অভিযোগকারী মাইক্রোবাসের রোড পারমিট, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদপত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জানা গেছে, গত ২ মার্চ রাত ৩টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় ওয়ালটন শোরুমের সামনে সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে ব্যারিকেট দিয়ে একটি মাইক্রোবাস থামিয়ে ছিনতাইকারী করেন অজ্ঞাতনামা ৪জন ছিনতাইকারী। এ সময় কক্সবাজারের ঈদগাঁও এলাকার হাজী নুরুল আলমের পুত্র মাইক্রোবাস চালক শাহা জালাল (৪৫) এর কাছ থেকে নগদ ৬ হাজার ৫শ’ টাকা টাকা, একটি মোবাইল ফোন ও মাইক্রোবাসের রোড পারমিট, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদপত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মাইক্রোচালক শাহা জালাল রাতেই পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই ওবায়েদ উল্লাহ নয়নসহ পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামেন। অভিযানে দুই ঘন্টার মধ্যেই মহাসড়কের ছিনতাইকারী চক্রের হোতা এ দুই ছিনতাইকারীকে ঘটনাস্থলের আশে পাশে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেন।

গ্রেফতারের পর তাদের আদালতে সোর্পদ করা হলে আসামী এনামুল হক ইমরান (২৪) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধি প্রদান করে। তারা আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা একই কৌশল অবলম্বন করে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্নস্থানে দুস্যতার ঘটনা সংঘটিত করে আসছিল আদালতে স্বীকারোক্তি প্রদান করেন।

এব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, ভিকটিমের অভিযোগের দুই ঘন্টার মধ্যে পুুলিশ এ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর ‘ডাকাতের’ মরদেহ উদ্ধার