নগরে ২৭ জনসহ চট্টগ্রামে গ্রেপ্তার আরও ৪৪

আকবরশাহে নতুন মামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ৬:২৩ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নগরী থেকে ২৭ জন এবং জেলার বিভিন্ন থানা থেকে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে বিভিন্ন মামলায় গত ১১ দিনে চট্টগ্রামে মোট ৮৪৭ জন গ্রেপ্তার হলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ–কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজাদীকে বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। নগরীতে এ পর্যন্ত ১৯টি মামলায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে নগরীর আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আজাদীকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলার ১১টি মামলায় ৩৭১ জনকে গ্রেপ্তার করা হলো।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতেও এক হতে পারেনি দুই গ্রুপ
পরবর্তী নিবন্ধআজ থেকে মঙ্গলবার অফিস সময় ৯-৩টা