নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার করোনা পজেটিভ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২১ মে, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

ইংল্যান্ড সফরে যাওয়া নিউজিল্যান্ড শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন পেসার ব্লেয়ার টিকনার, ব্যাটসম্যান হেনরি নিকোলস ও বোলিং কোচ শেন জার্গেনসেন। নিউজিল্যান্ড ক্রিকেট বিবৃতি দিয়ে জানায়, ব্রাইটনে শুক্রবার সকালে করানো র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এই তিন জনের পজিটিভ ফল এসেছে। এরই মধ্যে আক্রান্তদের পাঁচ দিনের আইসোলেশন শুরু হয়ে গেছে। দলের বাকি সবার ফল এসেছে নেগেটিভ। কোভিডের ছোবলের প্রভাব অবশ্য পড়ছে না কিউইদের প্রস্তুতি ম্যাচে। নিউজিল্যান্ড টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য নিকোলসের অবশ্য এমনিতেই খেলার কথা ছিল না প্রস্তুতি ম্যাচ। তিনি ইনজুরিতে ভুগছেন। আগামী ২ জুন লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে তিনি ফিট হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।

টিকনারের এখনও টেস্ট অভিষেক হয়নি। গত মার্চ–এপ্রিলে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে ওয়ানডে আঙিনায় পা রাখেন ২৮ বছর বয়সী ডানহাতি এই পেসার। ২০১৬ সাল থেকে নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার জার্গেনসেন। চলতি বছরই শেষ হয়ে যাবে দলটির সঙ্গে তার বর্তমান চুক্তি। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে বোলিং কোচ হিসেবে দলটির সঙ্গে আছেন তিনি। প্রথম দফায় ছিলেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধউদ্বোধনী ম্যাচে পাথরঘাটা দুর্বারের শুভ সূচনা