চকবাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি

৯ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরীর চকবাজারের মাছ, মাংস, সবজি ও মুরগির দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ টি মামলায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিষের মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রয় করা হচ্ছিল, এ জন্য ৩ টি দোকানের মালিককে জরিমানা করে সতর্ক করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অধিক মূল্যে সবজি ও ভোজ্য তেল বিক্রি করার দায়ে কয়েকজন দোকানদারকে বিভিন্ন অংকের জরিমানা ও সতর্ক করা হয়। সবমিলে চকবাজারেরর বিভিন্ন মাছ, মাংস, সবজি ও মুরগির দোকানদারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পবিত্র রমজানে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের আরো ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রদীপের বিরুদ্ধে তিন আয়কর কর্মকর্তার সাক্ষ্য
পরবর্তী নিবন্ধমেয়াদ শেষ হয়, শেষ হয় না কাজ